আন্তর্জাতিক ডেস্ক:
মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড়োজাহাজ হাইজ্যাকের হুমকির জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ঘটনাটি ঘটে।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে বিমানের একটি শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত হুমকিমূলক বার্তাটি দেখতে পাওয়া যায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) তা অবহিত করেন।
খবর পাওয়ার পরপরই বিমানটিকে দ্রুত বিমানবন্দরের একটি সুরক্ষিত ও বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন।
বিমানে কোন সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত হতে প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
আয়নায় এই হুমকিমূলক বার্তা কে লিখেছে এবং এর নেপথ্যে কারা জড়িত, তা উন্মোচনে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো যৌথ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে বিমানবন্দর প্রাঙ্গণ এবং বিমানের ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।