সজীব ইসলাম, নাগেশ্বরী উপজেলা:
সচেতন হই, আত্মবিশ্বাসী হই—আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় "বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার" অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, নাগেশ্বরী, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ আলাউদ্দিন।
সেমিনারে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি, নির্যাতন ও বখাটেপনা রোধ, পড়াশোনায় মনোযোগ ও ক্যারিয়ার ভাবনা, সুস্থ সম্পর্ক ও সহনশীল আচরণ, এবং সুস্থ জীবনবোধ ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা বলেন, সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ সমাজ আত্মবিশ্বাসী হয়ে ওঠার পাশাপাশি কুসংস্কার ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকতে পারে। এই ধরনের উদ্যোগ কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..