বিশেষ প্রতিবেদক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।
সরকারি কর্মসূচি অনুযায়ী, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় COP31-এর পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়াও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্মেলন শেষে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।