বিশেষ প্রতিবেদক:
মোংলা বন্দর জেটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বন্দর জেটিতে প্রবেশ করেন এবং প্রায় ৫০ মিনিট অবস্থান করে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরবর্তীতে সোয়া ৪টার দিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে প্রধানমন্ত্রী নিজেই প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের সাথে মিশে যান। বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন।
সকাল (সুন্দরবন ও হিরন পয়েন্ট): সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
দুপুর (দাকোপ ও দিগরাজ নৌঘাঁটি): সুন্দরবন থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান এবং সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। নৌঘাঁটিতে এসে তিনি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস আবু বকর’ পরিদর্শন করেন এবং মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন।
বিকেল (বন্দর ও অর্থনৈতিক অঞ্চল): মধ্যাহ্ন বিরতি শেষে সরাসরি মোংলা বন্দর জেটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।