সাব্বির আহমেদ,নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর শিবচরে নবনির্মিত চারতলা আধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়া বেকার নারীর মধ্যে সনদপত্র ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্যে সিনিয়র সচিব আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা তুলে ধরেন। চলতি অর্থবছর থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা রয়েছে। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান মাঠের পাশাপাশি নতুন খেলার মাঠ নির্ধারণ এবং উপজেলা ও জেলা পর্যায়ে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও হাটবাজারের উন্নয়নেও কাজ চলছে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এবং মাদারীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ জাতীয় আরো খবর..