শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বড় ধরনের সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৪:০০ ঘটিকা থেকে শুরু হওয়া এই অভিযানে দুলার চর ইলা বাজার অস্থায়ী মাছ আড়ৎ এবং দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বন্দুকসী আড়ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপত্তা বাহিনীর বিশেষ টহল দল অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
নিষিদ্ধ জাল: অভিযান চলাকালীন বিভিন্ন অস্থায়ী আড়ত ও জলসীমা থেকে আনুমানিক ১.৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ইলিশ বিতরণ: বন্দুকসী অস্হায়ী আড়ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি মা ইলিশ পাওয়া যায়। জব্দকৃত এই ইলিশ পরে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এই সমন্বিত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, পুলিশ বাহিনী, কোস্ট গার্ডের একটি দল এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মা ইলিশ সংরক্ষণে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।