×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ২৩ বার পঠিত
সাইফুল ইসলাম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ১৫ টন চিনি ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সকাল ৯টার দিকে সড়কের পাশ থেকে চালককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া চালকের নাম আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে পূর্বপরিচিত আবুল কালাম নামে অপর এক কাভার্ডভ্যানচালক মহাসড়কের পাশে আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে কালাম তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামা জানান, "রোগীকে সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক আলামতে মনে হচ্ছে তাঁর শরীরে শক্তিশালী চেতনানাশক কোনো পদার্থ প্রয়োগ করা হয়েছে। চিকিৎসাধীন চালকের জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে।"

ছিনতাই হওয়া গাড়িটির মালিক ‘জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট’-এর স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, গাড়িটি মেঘনা কোম্পানির চিনি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম চালানে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার ফুলকলি ফ্যাক্টরিতে ১৩ টন চিনি খালাস করা হয়। এরপর বাকি ১৫ টন চিনি নিয়ে পটিয়া ফুলকলি ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয় কাভার্ডভ্যানটি। জাকির হোসেন আরও জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে চালক আলমগীর মইজ্যারটেক এলাকা থেকে ফোন করে গাড়িতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলে তাঁকে জানান। পরবর্তীতে বুধবার সকালে চালককে অচেতন অবস্থায় উদ্ধারের সংবাদ পান তিনি।

তবে চিনি সরবরাহকারী ব্যবসায়ী সিরাজুল ইসলাম এ ঘটনায় চালকের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, "মঙ্গলবার রাতে কথা বলার সময় চালক নানা অজুহাত ও গাড়ির সমস্যার কথা বলছিলেন। চালককে যথাযথ জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসতে পারে।"

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, "ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং খবর পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat