মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম (৩০), মো. সহিদুল ইসলাম (৪২) ও আলমগীর হোসেন (৩৪)। এসআরবি-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে দুই ব্যক্তি ভ্যানচালক তফিকুল ইসলামকে (৫০) ভাড়া করেন। পরে শিশাতলা এলাকায় পৌঁছে তাঁরা চাকু দিয়ে তাঁর হাতে গুরুতর জখম করেন এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর ব্যাটারিচালিত ভ্যান, একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার মামলা করেন।
ঘটনার পর এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে বাঘার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আলমগীর হোসেন এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে সহিদুলকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মোট আটটি মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..