সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে রবিবার স্কুল ছুটির পর বের হওয়ার সময় পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। মিনহাজের চিৎকার শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো খবর..