স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সারাদেশে তরুণদের দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় যেখানেই উপযুক্ত প্রার্থী পাওয়া যাবে, এনসিপি তাদের সমর্থন দেবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশনকে দলীয়করণ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে নির্বাচনকে প্রভাবিত করার কোনো ছক করা হলে তা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন নাহিদ ইসলাম।
নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং কোনো ধরনের ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ করা হয়, তবে জাতীয় নির্বাচনের মতো দেশের স্থিতিশীলতার কথা ভেবে তারা চুপ করে বসে থাকবেন না জানিয়ে তিনি বলেন, “সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একটা প্রতিরোধ করব। সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করব।”