মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, তারা নওগাঁ জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। খবর পেয়ে পরে ডিবি পুলিশের সদস্যরা তাদের নিয়ে যায়।
তিনি আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে বলিহার ব্রিজ এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে জেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল করার খবর পাওয়া গেছে। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বলিহার ব্রিজ এলাকায় ১১ জনকে আটকের ঘটনা ঘটে।
এ জাতীয় আরো খবর..