সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজ নিজ বাড়ির পরিবেশও পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও মায়েদের কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু একদিন বা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নজর দিতে হবে।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭২০টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে ইলাহী।
পরিচ্ছন্নতা অভিযান সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
এ জাতীয় আরো খবর..