শামিমুর রহমান জিসান , আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
দুর্গম পাহাড়, সীমান্তের কঠিন বাস্তবতা আর চিকিৎসাসেবার সীমিত সুযোগ এমন প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ নিয়ে এগিয়ে এসেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী আলীকদমের দুর্গম পাহাড়ি জনপদে আয়োজিত মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। সীমান্তের দুর্গম এলাকায় এমন উদ্যোগ স্থানীয় মানুষের কাছে হয়ে উঠেছে স্বস্তি ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধীনস্থ লিকুড়ি ও বুলুপাড়া বিজিবি বিওপি’র দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসারের নেতৃত্বে ক্যাম্পটি পরিচালিত হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক মানুষের জন্য চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সহজ নয়। প্রয়োজনের সময়ে চিকিৎসা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাদের। এমন বাস্তবতায় ৫৭ বিজিবির এই মেডিকেল ক্যাম্প যেন তাদের দোরগোড়ায় পৌঁছে দেয় চিকিৎসার সুযোগ। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয় এক মানবিক পরিবেশ। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় মেডিকেল ক্যাম্পের কার্যক্রম।
স্থানীয়দের কাছে সীমান্তরক্ষী বাহিনীর এমন উদ্যোগ শুধু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নয়; বরং দুর্গম সীমান্তে বসবাসকারী মানুষের প্রতি রাষ্ট্র ও নিরাপত্তা বাহিনীর মানবিক দায়িত্ববোধেরও প্রতিফলন। চিকিৎসাসেবার পাশাপাশি এ ধরনের কার্যক্রম পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার মানুষের কল্যাণে পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্তে নিরাপত্তার প্রহরা আর মানুষের পাশে মানবতার হাত এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করে ৫৭ বিজিবি দুর্গম পাহাড়ি জনপদে আস্থার একটি নতুন বার্তা দিচ্ছে।
এ জাতীয় আরো খবর..