মোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:
গত ১৭ নভেম্বর দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকায় অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম (৬৫)-এর করুণ অবস্থার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেন এলাকার যুব সমাজ। প্রতিবেদন প্রকাশের পরপরই কাওরাইদ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যদের কাছে আনোয়ারা বেগমের গুরুতর অসুস্থতার খবর পৌঁছায়। এরপরই ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তাঁর খোঁজ নিতে বাড়িতে ছুটে যান।
মানবিকতার সেই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর অসহায় ওই বৃদ্ধার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কাওরাইদ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শৃঙ্খলা সম্পাদক সোহাঙ্গীর মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংবাদিককে জানান, স্পোর্টিং ক্লাবের পথচলার ৩ মাস পূর্তি উপলক্ষে ক্লাব সদস্য ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আনোয়ারা বেগমকে এক মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
পাশাপাশি সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, অসুস্থ আনোয়ারা বেগমের চিকিৎসার স্বার্থে ক্লাবের পক্ষ থেকে তাঁকে ২০ দিনের ওষুধ কিনে দেওয়া হবে।
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ আনোয়ারা বেগমকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে যেকোনো প্রয়োজন বা সংকটে তিনি যেন সরাসরি কাওরাইদ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবকে জানান। অসহায় এই পরিবারটির পাশে থেকে সার্বিক সহযোগিতার দায়িত্ব নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শৃঙ্খলা সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য।
এ জাতীয় আরো খবর..