বিএম সজিব, শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রামে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ভয় দেখিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেনের মাধ্যমে আপস-মীমাংসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৈরি করা তিন পৃষ্ঠার একটি স্ট্যাম্পে লিখিত আপসনামা সামনে এসেছে। এতে বাদী ও আসামিপক্ষের স্বাক্ষর রয়েছে। পাশাপাশি আপসের মধ্যস্থতায় সখিপুর থানা বিএনপির কয়েকজন নেতাসহ স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
আপসনামার উল্লেখ করা হয়েছে, সখিপুর থানার মামলা নম্বর-০৫, তারিখ ৬ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। জিআর মামলা নম্বর ৩৩২/২০২৬ (সখিপুর) উল্লেখ রয়েছে।
আপসনামায় প্রথম পক্ষ হিসেবে শিশুটির মা আক্তার রুমি (২৯), স্বামী নাসির মোল্লা এবং দ্বিতীয় পক্ষ হিসেবে অভিযুক্ত জাহিদ বেপারীর (২২), পিতা জহিরুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। উভয় পক্ষের ঠিকানা চরভাগা (পেদা কান্দি), সখিপুর, শরীয়তপুর। স্বাক্ষী হিসেবে রয়েছেন শিশুর দাদা খোকন মোল্লা, ফিরোজা বেগম, সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউল।
স্ট্যাম্পে বাদীপক্ষের বক্তব্য হিসেবে লেখা হয়েছে, বাদী ও আসামি একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও ব্যক্তিগত এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে মামলাটি দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে জাহিদের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছে এলাকার মুরুব্বিদের কথায় আইনজীবীর চেম্বারে নিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি সরোয়ার মোল্লা ও মানিক বকাউল বলেছে টাকা দিলে কোন সমস্যা হবে না মামলা উঠিয়ে নিয়ে নেবে। ‘তাদের দাবি ছিল ১০ লাখ টাকা। আমাদের মুরুব্বিরা ৫ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকি ৫০ হাজার টাকা পাবে। তবে আমাদের এ মামলায় ১১ লাখ টাকা খরচ হয়েছে।’ সবাই বলছে মিমাংসা হলে মামলা উঠিয়ে নিবে আমার ছেলে জেল খাটা লাগবে না।
অ্যাডভোকেট আশরাফুল ইসলাম সাইফুল বলেন, দু'পক্ষই সমঝোতর জন্য আমার কাছে আসে একপর্যায়ে আমার চেম্বারে বসেই দুই পক্ষের মধ্যে এ সমঝোতা হয়।
শিশুর মা আক্তার রুমি জানিয়েছেন, আমারা ভয়ে থাকি না জানি কখন কে মেরে ফেলে আমাদের তো কেউ নাই এলাকার মুরুব্বিরা যা বলে তাই তো করতে হয় তাঁদের আইনজীবীর অফিসে নিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া দিয়েছে বাকি ৫০ হাজার পরে দিবে বলছে। তাই ভয়ে আমরা মিমাংসায় যেতে বাধ্য হই।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে চরভাগা ইউনিয়নের পেনাকান্দি গ্রামের একটি বসতবাড়িতে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় যুবক জাহিদ বেপারীর বিরুদ্ধে। তিনি স্থানীয় শিক্ষক মমতাজ বেগম ও জহিরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটিকে প্রাইভেট পড়ার জন্য চরভাগার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগমের কাছে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ওই সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষকপুত্র জাহিদ শিশুটিকে কৌশলে পাশের একটি কক্ষে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
নির্ধারিত সময়ে মেয়ে বাড়িতে না ফেরায় তার মা আক্তার রুমি খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে মাকে ঘটনার কথা জানায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সখিপুর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।’
একটি শিশুর ওপর যৌন সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় এ ধরনের আপসনামা ও অর্থ লেনদেনের অভিযোগ গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। ব্যক্তিগত আপসনামা তৈরি হলেই এ ধরনের মামলার বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায় না। তাই অর্থ লেনদেনের অভিযোগ, আপসনামা তৈরির প্রক্রিয়া, মধ্যস্থতাকারীদের ভূমিকা এবং শিশুটির পরিবারের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ জাতীয় আরো খবর..