নওরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
খাজা মার্কেট থেকে জব্দ ৭৭ হাজার ৯৪০ টাকা
চাষাড়ার খাজা মার্কেটের চতুর্থ তলায় জুয়ার আস্তানায় সরাসরি অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে ও সরাসরি উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে জুয়া খেলার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাড়ার খাজা মার্কেটের চতুর্থ তলায় জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। পরে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে ২৮ জনকে গ্রেফতারের পাশাপাশি জুয়ার আসরে ব্যবহৃত নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
এ জাতীয় আরো খবর..