×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৩৩ বার পঠিত
মনির হোসেন 
‎স্টাফ রিপোর্টার 
‎
‎
‎গণমাধ্যমে ন্যায্যতা, বৈচিত্র্য ও মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তি এবং সকল লিঙ্গ পরিচয়ের মানুষের সমান সুযোগ ও অংশগ্রহণ অপরিহার্য—এমন অভিমত উঠে এসেছে নেত্রকোণায় অনুষ্ঠিত এক কর্মশালায়।
‎
‎বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস–এর উদ্যোগে “গণমাধ্যমে বৈচিত্র্য, লিঙ্গসমতা ও প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে নীতিমালা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয় স্বাবলম্বী উন্নয়ন সংস্থার ড্রিম সেন্টারে। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সম্পাদক, সাংবাদিক, বার্তা সম্পাদক, মানবসম্পদ বিভাগে যুক্ত কর্মী এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
‎
‎কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতিবন্ধিতা ও লিঙ্গবৈচিত্র্য বিষয়ে মৌলিক ও প্রাসঙ্গিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংবাদকক্ষে এসব জনগোষ্ঠীর অংশগ্রহণে বিদ্যমান সীমাবদ্ধতা, বৈষম্য ও তা দূর করার বাস্তবসম্মত কৌশল নিয়ে আলোচনা করা হয়।
‎
‎ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন,
‎“নীতিমালার অভাবে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষেরা অনেক সময় গণমাধ্যমে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হন। সুস্পষ্ট নির্দেশনা থাকলে নিয়োগ, সংবাদ পরিবেশন, কর্মপরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তিমূলক চর্চা বাস্তবায়ন করা সম্ভব হবে। সাংবাদিকতা শিক্ষার্থীদেরও এ বিষয়ে আগেভাগে সচেতন করা প্রয়োজন।”
‎গণমাধ্যমে প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের প্রতিনিধিত্ব প্রসঙ্গে ভয়েস-এর প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা বলেন,
‎“এই জনগোষ্ঠীকে এখনো অনেক ক্ষেত্রে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। গণমাধ্যম যদি তাদের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে, তাহলে সমাজের ভুল ধারণা ভাঙবে। এজন্য সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন জরুরি।”
‎কর্মশালায় প্রশিক্ষণ সহায়ক হিসেবে বক্তব্য দেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। তিনি বলেন,
‎“গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীদের নিরাপদ যাতায়াত, মাতৃত্বকালীন ছুটি, ব্রেস্টফিডিং কর্নারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা গেলে কর্মক্ষেত্রে সংবেদনশীলতা ও ন্যায্যতা আরও দৃঢ় হবে।”
‎
‎আলোচনায় গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নীতিমালায় যে বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা তুলে ধরা হয়, তার মধ্যে রয়েছে—প্রতিবন্ধী ব্যক্তি ও সকল লিঙ্গ পরিচয়ের মানুষের ন্যায্য উপস্থাপনা, প্রবেশগম্য সংবাদ প্ল্যাটফর্ম, অন্তর্ভুক্তিমূলক নিয়োগ ও মানবসম্পদ নীতি, ভাষা ব্যবহারে সংবেদনশীল নির্দেশনা, অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন জোরদার করা, ডিজিটাল নিরাপত্তা, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং মানবাধিকারভিত্তিক গল্প বলার কাঠামো।
‎
‎উল্লেখ্য, ইউনেস্কোর সহায়তায় ভয়েস বর্তমানে ‘লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় গণমাধ্যমকর্মীদের জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক সংবাদচর্চায় সহায়ক হবে।
‎
‎কর্মশালায় যমুনা টিভি, বাংলাভিশন, নাগরিক টিভি, একুশে টিভি, প্রথম আলো, ডেইলি সান, দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক নেত্র, দৈনিক বাংলার দর্পণ, আজকের পত্রিকা ও দৈনিক সকালবেলার স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat