×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ৫৭৬ বার পঠিত

জাহিদ হাসান টিপু
শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে খরশু আলম সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরসেনসাস ইউনিয়নের চোকদার কান্দি এলাকায় অবস্থিত ১৪৬ নং চোকদার কান্দি নিজাম উদ্দিন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৫ সালে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন মোল্লার দানে ৩৫ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে ৩১ শতাংশ জমিতে বিদ্যালয়ের ভবন ও মাঠ এবং বাকি ৪ শতাংশ শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, বিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকেই খরশু আলম সরদার ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন। ২০১৮ সালেও তিনি জমিটি দখলের চেষ্টা করেন, তবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ ও পিলার স্থাপনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন।

চলতি মাসের গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তি দলবল নিয়ে বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত জমিতে জোরপূর্বক প্রবেশ করে মাঠের মাঝখানে সীমানা পিলার স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও তিনি বিদ্যালয়ের প্রায় ১৮ শতাংশ জমি দখল করে নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের চলাচলের প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে গত পাঁচ দিন ধরে বিদ্যালয়ের স্বাভাবিক যাতায়াত ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,
“এই বিদ্যালয়ের জমিদাতা আমার বাবা। স্কুল প্রতিষ্ঠার পর থেকেই খরশু আলম সরদার জমি দখলের চেষ্টা করছেন। আগেও প্রশাসনের হস্তক্ষেপে তিনি ব্যর্থ হন। কিন্তু এবার বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দিয়ে বিদ্যালয়ের জমি দখল করেছেন এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমি এর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা চাই।”

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির মোল্লা বলেন,
“রাজনৈতিক প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় চাপ সৃষ্টি করছেন। স্কুলের জমি দখল হয়ে গেলে ভবিষ্যতে এর সম্প্রসারণ ও শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।”

অভিযোগের বিষয়ে খরশু আলম সরদার বলেন,
“আমি স্কুলের কোনো জমি দখল করিনি। ওখানে আমার নিজস্ব জমি রয়েছে, আমি শুধু আমার জমি বুঝে নিয়েছি। আমি বিএনপি নেতা পরিচয় দিইনি। অভিযোগ দেওয়া যেতেই পারে, এতে আমার কোনো সমস্যা নেই।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক জানান,
“বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat