নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ৪ টি বিদেশী দুর্ধর্ষ শিকারী কুকুর জার্মান শেপার্ডের আক্রমনে একজন নারী ক্ষতবিক্ষত হয়েছে। শরীরের কোথাও মাংস বলে কিছু নেই। গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এমন লোমহর্ষক ঘটনার বিচার দাবীতে রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় সৈয়দপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করার প্রেক্ষিতে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকার বাবা জর্দা ফ্যাক্টরীর ম্যানেজার আইয়ুব আলী (৫৫)। আক্রমণকারী কুকুরগুলো ওই ফ্যাক্টরীর মালিক আয়েশা সিদ্দিকা নেপালীর শখের পোষা প্রাণী।
আক্রমণের পর প্রতিবাদ করায় ফ্যাক্টরী মালিক দূর্ব্যবহার করাসহ ভুক্তভোগী পরিবারের উপর উপর্যুপরী হামলার ঘটনা ঘটিয়েছে। সড়ক অবরোধ করার প্রেক্ষিতে পুলিশ ফ্যাক্টরীতে অভিযান চালালে মালিক পালিয়ে গেছে। পরে একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকা ম্যানেজার কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী নয়াপাড়া এলাকায়। কুকুরের কামড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নারী ওই পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে মুক্তারিনা বেগম (২৮)। তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি এয়ার কোম্পানীর সিকিউরিটি সেকশনে কর্মরত। প্রতিদিনের মত গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় বাড়ির পাশে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে রিকশা ভ্যানের জন্য অপেক্ষা করছিল। এমন সময় জর্দা ফ্যাক্টরীর ৪ টি জার্মান শেপার্ড তাকে ঘিরে ফেলে।
সে আতঙ্কে চিৎকার করলে কুকুরগুলো তাকে আক্রমন করে এবং মুহুর্তে শরীরের মাংসল স্থানগুলো থেকে মাংস খুবলে খায়। এমনকি মাথায় আক্রমন করে বাম পাশে খুলি তুলে ফেলে। এতে চরমভাবে ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এমতাবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা নাজুক থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে সে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসারত।
আহত মুক্তারিনার চাচা নুরে আলম বলেন, ঘটনার পর পরই পরিবারের লোকজন জর্দা ফ্যাক্টরী মালিক আয়েশা সিদ্দিকা নেপালীর কাছে গেলে তিনি তাদের সাথে অশোভন আচরণ করেন এবং অহংকারের সাথে বলেন, আমি প্রয়োজনে আরও হিংস্র প্রাণী পুষবো, সিংহ, কুমির রাখবো। তাতে তোদের কি করার আছে কর।
এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে তিনি তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি তার ম্যানেজারসহ লোকজনকে পাঠিয়ে হুমকি প্রদর্শন করেন। এসময় আমার দুই ভাতিজা রেজওয়ান ও মেজবাহের উপর বার বার হামলা চালায়। তাই বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। মুক্তারিনার অবস্থা সংকটাপন্ন, আশঙ্কাজনক। আমরা এর বিচার চাই।
এলাকার প্রতিমা রানী নামে একজন বলেন, এর আগেও একাধিক ব্যক্তিকে ওই কুকুরগুলো কামড়িয়েছে। একারণে আমরা বার বার আবাসিক এলাকায় যেন তার কুকুর না ঢোকে সেজন্য বলেছি। কিন্তু তিনি প্রতিদিনই রাতে কুকুরগুলো ছেড়ে দেন এবং সকালে ধরে আটকে রাখেন। এত দূর্ধর্ষ ও শিকারী কুকুর কোনভাবেই ছেড়ে দেয়া উচিত নয়।
অথচ ফ্যক্টরীতে চুরি হওয়ার অজুহাতে তিনি ভয়ংকর প্রাণীগুলোকে ছেড়ে দেন। এতে আমরা চরম আতঙ্কে দিনাতিপাত করি। নুক্তরিনাকে যেভাবে আক্রমন করে জখম করেছে তাতে আতঙ্ক আরও বেড়ে গেছে। এলাকার কেউ আর নিরাপদ নই। এই কুকুরগুলো এখান থেকে সরিয়ে ফেলার দাবি জানাই। নয়তো আরও বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
এলাকার বেশ কয়েকজন অভিযোগে করেন যে, কুকুরগুলোকে নিয়মিত মাংস খাওয়ানো হয়। হয়তো গত কয়েকদিন তাদের মাংস দেয়া হয়নি। একারণে এতটা হিংস্র হয়ে উঠেছে এবং ছাড়া পেয়ে মানুষের উপর আক্রমন করে বসেছে। আটকে রাখা হলে এমন ঘটনা ঘটতোনা।
এত হিংস্র পশুকে এভাবে ছেড়ে দেয়া কোনভাবেই ঠিক হয়নি। এমন অবিবেচক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি সহমর্মিতা না দেখিয়ে উল্টো হেডম প্রকাশ করেছেন। এর বিচার হওয়া দরকার। নয়তো ফ্যাক্টরী মালিক আরও বেপরোয়াভাবে কুকুরগুলোকে ছাড়বে এবং প্রতিবাদ করলে টাকার গরমে মানুষের সাথে অশোভন আচরণ করবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনিরুজ্জামান মনির বলেন, মুক্তার পরিবার মালিক ও ম্যানেজারসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫। এর প্রেক্ষিতে ফ্যাক্টরীতে অভিযান চালাই। এতে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে আইয়ুব আলী নামে একজনকে লুকিয়ে থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফ্যক্টরীর ম্যানেজার বলে জানা গেছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আইযুব আলী নামে একজনকে আটক করেছে। তাকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় ব্যাপক পরিচিত বাবা জর্দা। এখানে এই জর্দার কাঁচামাল কেনা ও প্রক্রিয়াকরণ করা হয়। মালিক আয়েশা সিদ্দিকা নেপালী প্রথম স্বামী মারা যাওয়ার পর সৈয়দপুরে এসে এখানকার তত্বাবধায়ক নিজাম উদ্দিন কে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে মুসলিম হিসেবে বসবাস করছেন। তার ৪ টি কালো রংয়ের জার্মান শেপার্ড ছাড়াও আরও ৩ টি অন্য জাতের বিদেশি দুর্ধর্ষ শিকারী কুকুর আছে। এগুলো মূলত: সামরিক ও নিরাপত্তা বাহিনীতে দেখা যায়।
এ জাতীয় আরো খবর..