মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ডাকসেবার পরিধি বাড়লেও অবকাঠামোগত সংকটে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ডাক বিভাগ। উপজেলার ২৯টি ডাকঘরের মধ্যে ২৬টিরই নেই নিজস্ব ভবন। অধিকাংশ শাখা ডাকঘরের কার্যক্রম চলছে পোস্টমাস্টারের ব্যক্তিগত বৈঠকখানা, মুদি দোকান কিংবা অন্যের প্রতিষ্ঠানের ছোট কক্ষে। শুধু ভবন সংকটই নয়, ডাকবাক্সের অভাব, ভাঙা লেটারবক্স ও তালাবিহীন ডাকবাক্সের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক ডাকসেবা। এমনকি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাঘাবাড়ী নদীবন্দর ডাকঘরেও নেই কোনো সচল ডাকবাক্স।
উপজেলা পোস্ট অফিস পরিদর্শক কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় মোট ২৯টি ডাকঘর রয়েছে। এর মধ্যে একটি উপজেলা পোস্ট অফিস, একটি অবিভাগীয় শাখা সাবপোস্ট অফিস (ইডিএসও), একটি সাবপোস্ট অফিস (এসও) এবং ২৬টি শাখা পোস্ট অফিস (বিও)। অথচ এসব শাখা ডাকঘরের ২৬টির কোনোটিরই নিজস্ব জায়গা বা ভবন নেই। ফলে বছরের পর বছর ধরে অস্থায়ী ব্যবস্থায় চলছে গ্রামীণ ডাকসেবা।
ডাকঘরগুলোর লেটারবক্সের অবস্থাও নাজুক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩টি ডাকঘরে কোনো লেটারবক্স নেই। আবার ১২টি ডাকঘরের ডাকবাক্সের মধ্যে ৯টি ভাঙা এবং ৩টির কোনো তালা নেই। এতে চিঠি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে জমা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও ডাক বিভাগের এমন অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন সেবাগ্রহীতারা।
বাঘাবাড়ী নদীবন্দর ডাকঘরে নেই ডাকবাক্স
উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাঘাবাড়ী নদীবন্দর। এখানে রয়েছে একাধিক ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিমাঞ্চল গ্যাস অফিস, সিমেন্ট কারখানা, মিল্কভিটা দুগ্ধ কারখানা, বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, পেট্রোবাংলার অয়েল ডিপো ও আবহাওয়া অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এত গুরুত্বপূর্ণ এলাকায় ডাক বিভাগের একটি শাখা ডাকঘর থাকলেও নেই নিজস্ব ভবন কিংবা ডাকবাক্স। মিল্কভিটা দুগ্ধ কারখানার একটি ছোট কক্ষে কোনোভাবে চলছে ডাকঘরটির কার্যক্রম। ঘরটির অবস্থাও জরাজীর্ণ। আগে থাকা লেটারবক্সটি দীর্ঘদিন ব্যবহারের ফলে মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ায় সেটিও খুলে রাখা হয়েছে। ফলে চিঠি পোস্ট করতে এসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানদের অভিযোগ, বাঘাবাড়ী ডাকঘর দুপুর ১টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। এরপর জরুরি চিঠি কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র পাঠানোর প্রয়োজন হলে তাদের প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরের পোস্ট অফিসে যেতে হয়। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে যাতায়াত ব্যয়। গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকায় এমন সীমিত ডাকসেবা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের মধ্যে।
সংশ্লিষ্টদের মতে, ডাক বিভাগের ঐতিহ্যবাহী সেবা এখনো সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। বিশেষ করে দাপ্তরিক চিঠি, নথিপত্র ও জরুরি কাগজপত্র আদান-প্রদানে ডাকসেবার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপদ ডাকবাক্স এবং পর্যাপ্ত সেবার পরিবেশ না থাকলে সাধারণ মানুষের আস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
স্থানীয়দের দাবি, শাহজাদপুরের সব ডাকঘরের অবকাঠামোগত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার ও নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যেসব ডাকঘরে লেটারবক্স নেই, সেগুলোতে নতুন ডাকবাক্স স্থাপন এবং ভাঙা ও তালাবিহীন বাক্সগুলো দ্রুত মেরামত করতে হবে। বিশেষ করে বাঘাবাড়ী নদীবন্দর ডাকঘরের সেবার সময় বাড়ানো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
ডাক বিভাগের দীর্ঘদিনের এই অবকাঠামোগত সংকট কবে কাটবে, আর কবে স্বাভাবিক ও নিরাপদ ডাকসেবা পাবেন শাহজাদপুরের মানুষ—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সেবাগ্রহীতাদের মধ্যে।
এ জাতীয় আরো খবর..