মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের অভিযোগে প্রায় ১০ টন সরকারি সারবোঝাই একটি ট্রাকসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
বুধবার দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে চলাচল করা সারবোঝাই ট্রাকটি আটকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ এবং ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রশাসন ও পুলিশ সদস্যরা ট্রাকটি জব্দ করেন এবং ট্রাকে থাকা সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার (৭২) ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।
আটক এ কে এম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জব্দ করা সারবোঝাই ট্রাকসহ আটক দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..