নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত আয়োজন এবং হলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সিট বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
শাকসু নির্বাচন আয়োজনের দাবি: শাকসু নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও একটি বিশেষ রাজনৈতিক দলের বাধার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করা হয়। প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে অবিলম্বে শাকসু বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।
হলে সিট বণ্টন ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ: লিখিত বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন যে, হলের ফাঁকা সিটগুলোতে নিয়মতান্ত্রিক উপায়ে বণ্টন না করে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। ছাত্রদল নিয়মবহির্ভূতভাবে সিট দখল করে তার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও দাবি করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজকে ছাত্রদলের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করার তীব্র সমালোচনা করা হয়।
পাঁচ দফা অন্যান্য দাবি: ক্যাম্পাসের চলমান উন্নয়ন কাজ ও নির্মাণসামগ্রীর মান যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, হলে খাবারের মানোন্নয়ন, ওয়াই-ফাই ও পরিবহন সংকট নিরসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।