কবির আহমেদ নাছির :
মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের নিলক্ষী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নিলক্ষী অধ্যক্ষ আবদুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ডের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে এসব জার্সি বিতরণ করা হয়। জার্সি বিতরণ করেন ফুলগাজী স্পোর্টস একাডেমির পরিচালক ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শামীম।
এ সময় আবুল কালাম শামীম বলেন, তরুণ ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যেই ফুলগাজী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, “শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়াতে হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও ফুলগাজী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
জার্সি পেয়ে নিলক্ষী ফুটবল একাডেমির খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..