নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
মামা-চাচার সুপারিশ নয়, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিসিক অগ্রদূত হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত চাকরি মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ চাকরি মেলায় ৪৩টি প্রতিষ্ঠান থেকে ৬৫০ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানা গেছে।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, “আজকের এই সরকার রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পাওয়ার পর থেকে যোগ্যতম ব্যক্তিদের কোনো মামা-চাচার সুপারিশের বেড়িতে না রেখে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকারের লক্ষ্যে চাকরির ব্যবস্থা ও সুযোগ করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে।”
‘যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বিসিক’
বিসিকের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “অগ্রদূত হিসেবে কাজ করছেন আজকের বিসিক। বিসিকের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি সুযোগ্য, দায়িত্বশীল একজন সংগঠক। তিনি বাংলাদেশের মানুষের পালস বুঝেন, বাংলাদেশের মানুষের চাহিদা বুঝেন।”
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক মানুষের সক্ষমতা গড়ে তোলার যে উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগকে এগিয়ে নিতে বিসিক ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
বিসিকের দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে রাজীব বলেন, “আমি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনার থেকে আমরাও অনেক উৎসাহ পেয়েছি।”
নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও আপনার পথ অনুসরণ করে নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন, চাহিদা—সেগুলো আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজীব সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। এনডিএর লক্ষ্য নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করা।
এ জাতীয় আরো খবর..