সৈয়দপুর প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রংপুর যাওয়ার পথে তিনি সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবেন। দেশের সরকারপ্রধানের আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে ব্যাপক সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
শহর সাজানোর ধুম: সৈয়দপুর বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন। সড়কের দু'পাশ ও বিভাজক নতুন করে রং করা হচ্ছে।
পৌরসভার উদ্যোগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট পরিচ্ছন্ন রাখতে পৌরসভার উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়ক বিভাজক মেরামত এবং সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।
সময়সূচি ও রুট: মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন রংপুর নগরের রাধা গোবিন্দ মন্দিরে।
পরবর্তী কর্মসূচি: বেলা ১১টার দিকে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পুনঃরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বিমানযোগে প্রথমে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপির অভ্যর্থনা প্রস্তুতি: সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। দলকে সুসংগঠিতভাবে বরণ করে নিতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা বলয়: সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।