মো: মনিরুজ্জামান,স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চারঘাট পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নের অংশ হিসেবে এ পরামর্শকরণ সভার আয়োজন করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস সভার উদ্বোধন করেন। জি-প্যাডের ডেপুটি টিম লিডার ও সিনিয়র আরবান প্লানার সামাউন আল নূরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার এস এম আব্দুল্লাহ আল মামুন, চারঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার মজিবর রহমান, চারঘাট থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) ইয়াকুব আলী, স্থানীয় সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সুধীজন।
সভায় চারঘাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি, সড়ক যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নাগরিকরা পৌর এলাকার বিভিন্ন সড়কে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা নিশ্চিত করা, রাস্তার পাশে ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা এবং নষ্ট হয়ে থাকা সোলার স্ট্রিট লাইটগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের দাবি জানান। একই সঙ্গে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের প্রয়োজন ও সমস্যাগুলোকে মাস্টার প্ল্যানে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সড়ক, ড্রেনেজ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে পরামর্শকরণ সভার সমাপ্তি হয়।
এ জাতীয় আরো খবর..