×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৯
  • ৩৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে মোট ৬টি দ্বিপক্ষীয় সহযোগিতা নথি স্বাক্ষরিত হয়েছে। একই সাথে দেশটির দু’টি বিশেষ উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার ঋণপ্রস্তাব অনুমোদন করেছে জাপান সরকার।

স্বাক্ষরিত এই চুক্তি ও সমঝোতাগুলোর আওতায় সামুদ্রিক সুরক্ষা ব্যবস্থা, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক বন্ধন, কৃষি খাতের অগ্রগতি, কর্মসংস্থান বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরকারি সফরের বিভিন্ন উল্লেখযোগ্য প্রাপ্তি প্রসঙ্গে এসব তথ্য নিশ্চিত করেছেন উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন।

চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক টহল জাহাজ হস্তান্তরের জন্য সর্বোচ্চ ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের একটি অনুদান চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

এর পাশাপাশি, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বাণিজ্যিক সম্পর্কের মানোন্নয়ন এবং দেশীয় ব্যবসায়িক পরিবেশ আরও সহজীকরণের বিষয়ে একটি যৌথ সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে।

একইভাবে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আলাদা দু’টি দ্বিপক্ষীয় সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়।

তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পরিচালিত কর্মসূচি (এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-ইএসডিপি) বাস্তবায়নেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তাছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যৌথ কাজ এগিয়ে নিতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (এলওআই) স্বাক্ষরিত হয়।

অর্থনৈতিক সহায়তার অংশ হিসেবে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নে ১৫.৮৮ বিলিয়ন জাপানি ইয়েন (১০০.৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান সরকার।

অন্যদিকে, স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায় বাস্তবায়নের লক্ষ্যে আরও ৩০.৬৮ বিলিয়ন জাপানি ইয়েন (১৯৪.৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

উল্লেখিত দু’টি উন্নয়ন প্রকল্পে জাপানি সহায়তার সর্বমোট পরিমাণ দাঁড়ায় ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা মার্কিন ডলারে প্রায় ২৯৫.৫ মিলিয়ন।

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের (২৬-২৯ অক্টোবর) এই সফল দ্বিপক্ষীয় সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই সফরকালে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব দ্বিপক্ষীয় সংহতি আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক অগ্রগতিসহ যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতার পরিধি সম্প্রসারণে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদল এবং প্রধান উন্নয়ন অংশীদারদের সাথেও একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

উক্ত বৈঠকগুলোতে বাংলাদেশে বিদেশি মূলধন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির অবাধ হস্তান্তরণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সার্বিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে জাপানে পৌঁছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat