নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা।
‘পরিষ্কার রাখি, নিরাপদ থাকি, ঝিনাইগাতী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’র উদ্যোগে এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র সহযোগিতায় এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ডা. রাজীব শাহা (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)
অনতু বল (উপজেলা প্রকৌশলী)
মো. আশরাফুল আলম (মহিলা বিষয়ক কর্মকর্তা)
মো. জাহিদুল হক মনির (প্রতিষ্ঠাতা, ‘ভয়েস অব ঝিনাইগাতী’ ও ইউপি সদস্য/সাংবাদিক)
মো. পারভেজ (প্রতিষ্ঠাতা, ‘বিউটি অব ঝিনাইগাতী’)
শান্ত শিফাত (কার্যকরী সভাপতি, ‘তারুণ্যের ঝিনাইগাতী’)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা দলবদ্ধভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং এর আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংস করতে বিভিন্ন ঝোপঝাড় এবং জমে থাকা পানি নিষ্কাশন করা হয়। পাশাপাশি হাসপাতালের আশপাশের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল আমিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কেবল একা সরকারের পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইগাতী উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলার অন্যান্য জনবহুল স্থান ও সড়কেও এমন সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।