×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৯
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কোনো অজুহাত না দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “সবার কথা বাদ দিন, অন্তত নিজের সন্তানের জন্য হলেও একটি স্বাস্থ্যকর পরিবেশ ও শহর গড়ে তুলুন। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।”

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় ‘নগর ভবন’ পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও বক্তব্যের মূল বিষয়সমূহ

  • সন্তানদের ভবিষ্যতের চিন্তা ও মানসিকতার পরিবর্তন: তারেক রহমান বলেন, “আপনার সন্তান তো শুধু আপনার এলাকায় আটকে থাকবে না। সে স্কুল, কলেজ, খেলার মাঠসহ পুরো ঢাকা শহরে বিচরণ করবে। কেউ নিশ্চয়ই চাইবেন না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় হোক। আবর্জনা সমস্যা হয়তো একদিনে বা সাত দিনে মেটানো সম্ভব নয়, তবে পরিবর্তন আনতেই হবে—এই আত্মবিশ্বাস ও ইচ্ছা থাকতে হবে।”

  • লন্ডনের উদাহরণ ও নিজেদের দায়িত্ববোধ: যুক্তরাজ্য ভ্রমণের অভিজ্ঞতা টেনে প্রধানমন্ত্রী বলেন, ষাট বা সত্তরের দশকে লন্ডনের অনেক জায়গাও অপরিস্কার ছিল। নাগরিক সচেতনতা ও ধারাবাহিক প্রচেষ্টায় তারা শহর সুন্দর করেছে। বিদেশে সুন্দর শহর দেখে আফসোস না করে নিজেদের দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

  • দক্ষিণ কোরিয়ান উদ্যোক্তার প্রসঙ্গ: তিনি জানান, বাংলাদেশে দীর্ঘদিন ব্যবসা করা দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ ব্যবসায়ীর সাথে সম্প্রতি তাঁর কথা হলে তিনি জানিয়েছেন ঢাকার পরিচ্ছন্নতা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “তিনি কিন্তু বলেননি অনেক পরিবর্তন হয়েছে, বলেছেন কিছুটা ভালো হয়েছে। এর অর্থ হলো পরিবর্তন সম্ভব। চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

  • আত্মসমালোচনা ও নিয়মিত তদারকি: সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমার সমালোচনা করতেই পারেন, কিন্তু নিজের ভেতরেও নিজের কাজের সমালোচনা করতে হবে—আমি কতটুকু চেষ্টা করছি। আমি নিজেই শহর পরিদর্শনের সময় বিভিন্ন সমস্যা দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের ফোন করে পদক্ষেপ নিতে বলি। আপনারাও দায়িত্বশীল ভূমিকা রাখুন।”

নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন

মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রী নগর ভবনের ‘জরুরি পরিচালন কেন্দ্র’ (Emergency Operation Center) সরাসরি পরিদর্শন করেন। সেখানে আবহাওয়ার তথ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ ডেটা, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুমান পর্যবেক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। এ ছাড়া তিনি ফেসবুক লাইভের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান তদারকি করেন এবং ডিএসসিসির নগর উন্নয়নমূলক ভিডিও চিত্র প্রদর্শন উপভোগ করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat